ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ জানতে LIVEKICK NEWS-এর সঙ্গে থাকুন। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।
News

নিখোঁজের ৪ দিন পর নাটোর থেকে সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

October 12, 2026
নিখোঁজের ৪ দিন পর নাটোর থেকে সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নিখোজের ৪ দিন পর নাটোর শহরতলির কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা উদ্ধার করতে পারেনি। রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ৮ তারিখ ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি পান। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যান। এরপর ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তার ছেলে অন্তরের সাথে কথা বলেন। সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা জেনে বাবা অমল সাহা ছেলে অন্তরকে ঘটনাটি জানান। পরে অন্তর আজ রাতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুপার জানান, ‘ল্যাপটপটি উদ্ধারের ঘটনা কিরিলকে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন।’

উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপর নাটোর থেকে অন্য একটি ট্রেনে করে দর্শনা বর্ডার হয়ে তার ভারতে যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। একসময় এক চোর কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। কয়েক দিন ধরে নানা জায়গায় খোঁজ করে অবশেষে ল্যাপটপটি উদ্ধার করা হয়।